নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পর্যায়ে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ ডিসেম্বর ২৯৯ আসনে ভোট হবে। ছয়টি আসনে ইভিএম ব্যবহার করায় বাকি ২৯৩ আসনে ব্যালট পেপার ব্যবহার করা হবে।
ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে ঢাকার দুটি সরকারি প্রেস (বিজি ও গভর্নমেন্ট) থেকে এসব ব্যালট পেপার বিতরণ শুরু হয়।
তিনি বলেন, আজ এবং আগামীকাল বুধবার জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে আসনভিত্তিক ভোটের ব্যালট পেপার পৌঁছানো হবে। ২৯৩ আসনের মধ্যে যেগুলোতে ঝামেলা রয়েছে (আদালতের নির্দেশনার অপেক্ষা) সেগুলোতে ইসির সিদ্ধান্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
এ কর্মকর্তা জানান, আজ পার্বত্য এলাকার ব্যালট পেপার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য এলাকায় বিতরণ চলবে। জরুরি প্রয়োজনে দুটি হেলিকপ্টারও প্রস্তত রাখা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ব্যালট পেপার পৌঁছানো হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের শেষ পর্যায়ের প্রস্তুতিও প্রায় সম্পন্ন। নির্বাচনী প্রশিক্ষণও শেষ। ভোটগ্রহণের জন্য সিল-প্যাডসহ নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন ভবন থেকে স্ট্যাম্প প্যাড, অফিসিয়িাল সিল, মাকিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন, পিনসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে।
ইসির ক্রয় ও মূদ্রণ শাখার প্রশাসনিক কর্মকর্তারা জানান, ব্যালট পেপার বাদে অন্য সব নির্বাচনী সামগ্রী আমরা বিতরণ করেছি। আজ ব্যালট পেপার বিতরণ শুরু হলো।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইভিএমের ছয় আসন ছাড়া বাকি ২৯৩ আসনের ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হয়েছে। এখন সংশ্লিষ্ট এলাকায় এগুলো পাঠানো হচ্ছে।

