আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় পদত্যাগ করেছেন দেশটির ইসলামিক স্টেট (আইএস) বিরোধী বৈশ্বিক জোটের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পেম্পেওর কাছে ম্যাকগার্ক পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজ। এর আগের দিন একই ইস্যুতে পদত্যাগ করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।
পদত্যাগপত্রে ম্যাকগার্ক বলেছেন, সিরিয়ায় আইএস জঙ্গিরা পলাতক অবস্থায় রয়েছে কিন্তু তাদের ট্রাম্প যেমনটা বলছেন সেভাবে পরাজিত করা যায়নি। সময়ের আগেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে আইএসের উত্থানের পরিবেশ সৃষ্টি করবে।
এ ব্যাপারে হোয়াইট হাউজ কিংবা স্টেট ডিপার্টমেন্টের তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

