সিলেট প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে সিলেটে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে বিমানের বিশেষ বিজি-১২১১ ফ্লাইট যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সিলেট পৌঁছেই প্রথা অনুসারে তিনি সরাসরি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে দরগাহ এলাকায় যান। মাজারের নারী ইবাদত খানায় তিনি কিছুক্ষণ অবস্থান করে সেখানে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে বেলা ১১টা ৫২ মিনিটের সময় সেখান থেকে বেরিয়ে সিলেট নগরের ১০ কিলোমিটার দূরে শাহপরান এলাকায় হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী।
শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর প্রধানমন্ত্রী নগরীর কুশিঘাটে হজরত গাজী বুরহান উদ্দিনের মাজারও জিয়ারত করেন। পরে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের সিলেট সার্কিট হাউসে যান। বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
এদিকে, আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে নির্বাচনী আচরণবিধি মেনে ‘নৌকার’ আদলে ছোট মাপের মঞ্চ নির্মাণ করা হয়েছে। ওই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী সিলেটের ১৯টি আসনের আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। জনসভায় বক্তব্য প্রদান শেষে বিকেল সাড়ে ৪টার বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।
চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেট সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণাও শুরু করেছিলেন। তবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আট দিন আগে তার সিলেট সফরে উজ্জীবিত নেতা-কর্মীরা।
শনিবার সকাল থেকে বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন। নেতা-কর্মীদের পাশাপাশি মিছিলে অংশ নিচ্ছেন ‘নৌকা’র সমর্থকরাও।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। জনসভা উপলক্ষে চার স্তরের নিরাপত্তার চাদরে ডাকা পড়েছে পুরো নগরী। এ ছাড়া, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরজুড়ে নজরদারী বৃদ্ধিসহ টহলও বাড়ানো হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে জয়লাভ করে আওয়ামী লীগ, চারটি আসন পায় জাতীয় পার্টি। আগামী নির্বাচনেও এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ।

