স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে ছিল ভারত। তবে পার্থে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বিরাট কোহলির দল। চোটের কারণে পার্থে খেলতে পারছেন না স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ব্যাটসম্যান রোহিত শর্মা।
বৃহস্পতিবার ভারতীয় দল বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় পিঠে টান লেগেছিল রোহিতের। সেই ব্যথাটা গত দুই দিনে আরো বেড়েছে। তলপেটের পেশির ব্যথায় ছিটকে গেছেন অশ্বিন।
ভারতের স্কোয়াডে আছেন স্পিন অলরাউন্ডার হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, পেসার উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমার। রোহিতের জায়গায় ছয় নম্বরে ব্যাট করতে পারেন এখন পর্যন্ত একটি টেস্ট খেলা বিহারী। তার অফ স্পিনটাও কাজে লাগাতে পারবেন কোহলি।
পার্থের পেস-সহায়ক উইকেটে ভারত খেলাতে পারে চার পেসার। স্কোয়াডে থাকাদের মধ্যে সবচেয়ে গতিময় বোলার উমেশ। তবে ব্যাটিং সামর্থ্য ও সুইংয়ে কার্যকরী ভুবনেশ্বর অশ্বিনের জায়গায় খেলতে উমেশের চেয়ে এগিয়ে আছেন।
২০১২ সালে ওয়াকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার খেলিয়েছিল ভারত। জহির খান, ইশান্ত শর্মা, বিনয় কুমার ও উমেশকে নিয়ে ম্যাচটা অবশ্য ইনিংস ও ৩৭ রানে হেরেছিল সফরকারীরা।
গত জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার পেসার মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত ও ভুবনেশ্বরকে নিয়ে ৬৩ রানে জেতে কোহলির দল। শুক্রবার পার্থের নতুন স্টেডিয়ামের অভিষেক টেস্টেও এই চারজনই থাকতে পারেন একাদশে। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রথম টেস্টের একাদশ নিয়েই মাঠে নামবে।
ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব।
অস্ট্রেলিয়া একাদশ: টিম পেইন (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

