চট্টগ্রাম প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আনুকূল্য পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়স্থ নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং-এ তিনি এই মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নানা ইস্যুতে মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিনের মতো মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য নির্বাচনকে বিতর্কিত করা। সরকারের ভূমিকা বিতর্কিত করা। নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।
তিনি বলেন, একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য ইসিকে ধন্যবাদ জানিয়েছেন, অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ইসি সরকারের ফরমায়েস বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন।
বিএনপির মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিবের দুই রকমের বক্তব্যের মাধ্যমে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে বলে মনে করছেন হাছান মাহমুদ।
ড. হাছান মাহমুদ বলেন, এ যাবতকালের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসলে ৮০০ প্রার্থীর মনোনয়ন দেয়নি। বিএনপি নজিরবিহীনভাবে ৮০০ প্রার্থী মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশনে তাদের অনেকের প্রার্থিতা বাতিল হওয়া সত্ত্বেও ৫৫৬ জনের প্রার্থিতা টিকেছে।
তিনি বলেন, স্বাক্ষর না থাকা সত্ত্বেও বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনিকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন।
ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, ক্ষেত্র বিশেষে নির্বাচন কমিশনের আনুকূল্য পাচ্ছে বিএনপি। এখন অনেকে বলছেন বিএনপির নয়াপল্টন অফিস এবং গুলশানের বেগম জিয়ার কার্যালয়ে মনোনয়ন বাণিজ্যের হাট বসেছে।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে কেন্দ্র পাহারা দিতে হবে। কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণার মাধ্যমে তাদের কেন্দ্র দখল করার দূরভিসন্ধি প্রকাশ পেয়েছে।
বিএনপিকে মিথ্যাচার না করে নির্বাচনে মনোনিবেশ করার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

