নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মনোনয়নপত্র হস্থান্তর করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার। শুক্রবার সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনে গিয়ে তার কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করেন ওবায়দুল কাদের।
রংপুর-৬ আসনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনোনয়নপত্র তুলেছিলেন। তবে তিনি আসনটি ছেড়ে দিয়েছেন।
বৃহস্পতিবার গণভবনে উপস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর সামনে এ আসন ছাড়ার ঘোষণা দেন শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি এবং এটি তার নির্বাচনী আসন। প্রধানমন্ত্রী ১৯৯৬ সাল থেকেই সংসদ নির্বাচনে এখানে প্রার্থী হয়ে আসছেন। তবে এ আসনের বর্তমান এমপি ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকারের অনুকূলে প্রচার ও গণসংযোগ করার জন্য পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলীয় ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগ নেতাগণ, ১৫টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ ও ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের ঢাকায় গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় এসে আমরা স্পিকারকে এমপি প্রার্থী হিসেবে পেলাম। এখন ভোটের জন্য অপেক্ষা।’
আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

