
প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও টেকাব প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাছান খান
নিজস্ব প্রতিনিধি : ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই শ্লোগান সামনে রেখে যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্প।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন এই প্রকল্পের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে চলছে। এর ধারাবাহিকতায় গত ১ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় মাসব্যাপী আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গত ১১ নভেম্বর কেন্দুয়া উপজেলায় আইসিটি ভ্যানের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল হাছান খান। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তাদের স্বাবলম্বী হয়ে নিজ জীবন ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগের পরামর্শ দেন।
উল্লেখ্য, ৫০ জন প্রশিক্ষণার্থীকে ৪টি ব্যাচে ভাগ করে এ উপজেলার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন প্রশিক্ষক এস.এম.এ. পারভেজ এবং সহকারী প্রশিক্ষক মো. ইব্রাহিম মোল্লা।

