কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় দুই দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজের মাঝখানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য নিয়ে দুই দল মাদক ব্যবসায়ীর মাঝে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং গুলিবিদ্ধ একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে।

