সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইবি রোডে জেলা বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করলেও লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় আশপাশের বসতবাড়িতেও হামলা চালানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়ায় সোমবার সন্ধ্যায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও সদর থানা আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা করে। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ওই মিছিলে আমিও ছিলাম। দলের কোনো নেতা-কর্মী বিএনপি অফিসের দিকে যায়নি। বিএনপি নেতারা মিথ্যা অভিযোগ করছে।’
এ বিষয়ে সদর থানার পরিদর্শন (অপারেশন) নুরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মিছিলের পিছন থেকে কে বা কারা অফিসে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। অগ্নিসংযোগের বিষয়টি আমাদের নজরে আসেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।’

