সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানায় দুপুরের খাবার খেয়ে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ঢুলিভিটা এলাকায় সোনোটেক্স পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকরা জানিয়েছেন, কারখানার সরবরাহ করা দুপুরের খাবার হিসেবে ভাত, মুরগীর মাংস, ডাল খাওয়ার পর বিকেলের দিকে হঠাৎ করে একে একে শ্রমিক অসুস্থ হতে থাকে। সন্ধ্যার দিকে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে থাকে।
অসুস্থ শ্রমিকদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সাভারের বেশ কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কারখানার দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার ফলে শ্রমিকরা অসুস্থ হয়ে থাকতে পারে।

