যশোর প্রতিনিধি : সন্ধ্যা হলেই ভুতুড়ে আঁধার, এমন বদনাম আর থাকছে না যশোর শহরের। বদলে যাচ্ছে যশোর পৌরসভা। রাতে আর আলো-আঁধারিতে পথ চলতে হবে না এখানে।
ইতিমধ্যে শহরের রেলরোড আলোকিত করা হয়েছে। এলইডি লাইটের ঝলমলে আলোয় আলোকিত হচ্ছে পুরো শহর। জনজীবনে রাতের চলাচলে নতুন মাত্রায় মুগ্ধতা আনতে পুরো শহরের আলোকিত করার কাজ চলছে। পহেলা নভেম্বর থেকে আরও কয়েকটি সড়কে এলইডি লাইট বসানো হবে।
এ তথ্য জানিয়েছেন যশোর পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন। তিনি জানান, পহেলা নভেম্বর থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড, খালধার রোড, ঢাকা মেইন রোড, নীলগঞ্জ তাঁতীপাড়া রোডে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে পুরো শহরকে আলোকিত করা হবে।
তিনি জানান, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু রাতে শহরের মানুষের চলাচল নিরাপদ ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে কিছু কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘সকালের মত সন্ধ্যায়ও মানুষ যাতে হাঁটতে পারে তার জন্য পৌর পার্কে লাইটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে বকুলতলা মোড়ের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে দড়াটানা হয়ে মুজিব সড়কের সিভিল কোর্ট মোড় পর্যন্ত ৩৭টি নতুন বৈদ্যুতিক পোল বসানো হয়েছে। যেখানে ব্যয় হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা।
পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানালেন, পৌর নাগরিকদের উন্নত সেবা তার নির্বাচনী অঙ্গীকার। তিনি মনের আকাঙ্ক্ষা থেকেই লাইটিংয়ের এমন উদ্যোগ গ্রহণ করেছেন। হাইপাওয়ারের দীর্ঘস্থায়ী এলইডি লাইটেই আলোকিত হবে যশোর শহর, বলেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচিত হয়েছি সেবা প্রদানের জন্য। তাই যশোর পৌরসভাকে স্বপ্নের মতো সাজাতে চাই। পৌরবাসীকে প্রথম শ্রেণির সেবা দিতে চাই।’ এজন্য তিনি সকলের সহযোগিতাও চেয়েছেন। পৌর মেয়র আরো বললেন, পৌরসভা আলোকিত হলে রাতের শহরে অপরাধও কমে যাবে।

