চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দ্রুতগামী ট্রাকের চালক জাহাঙ্গীর আলম (৩৮) ও সহকারী আবদুর রশিদ (৩৪)। সকালে ট্রাকে আটকে থাকা অবস্থায় এই দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও হেলপার তাদের আসনেই আটকে গিয়ে মর্মান্তিকভাবে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক কেটে দুজনের লাশ উদ্ধার করেন।

