ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়ায় আরেকটি মামলা

Link Copied!

সাভার প্রতিনিধি : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে।
শুক্রবার রাতে হাসান ইমাম নামের ভুক্তভোগী জমির মালিকের অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে আশুলিয়া থানা পুলিশ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আশুলিয়া থানার পাথালিয়া মৌজায় গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ক্যানসার হাসপাতাল করার নামে ওই জমির মালিককে নামমাত্র মূল্যে জমিটি গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের নামে লিখে দেওয়ার জন্য নানা রকমের চাপ দেওয়া হচ্ছিল। জমি লিখে না দিতে চাইলে জামির মালিককে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের নামে এক কোটি টাকা দান করার জন্যও জোর করা হচ্ছিল।
মামলায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলামসহ আরো তিনজনকে আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার একই ধরনের অভিযোগে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন আরেক ভুক্তভোগী জমির মালিক।
উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী আশুলিয়ায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ওষুধ কোম্পানিসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।