নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি পুকুরে বিদেশি মদের ভাণ্ডার আবিষ্কার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
এ ঘটনায় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৮ বোতল বিদেশি মদ, ১১০ পিস ইয়াবা, চারটি মোবাইল ও নগদ ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বুধবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
আটককৃতরা হলেন- চৌমুহনীর গনিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ইব্রাহিম খলিল (২৮), আব্দুল খালেকের ছেলে মো. ফারুক (৪৫), নরোত্তমপুর এলাকার মৃত রফিক উল্যার ছেলে মো. আনোয়ার (২৮) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের তছির আহম্মদের ছেলে মো. সুমন (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাকিনস্থ ছাতারপাইয়া সড়কের পাশের খোকন মিয়ার বিসমিল্লাহ পোল্টি খামারে অভিযান চালায় র্যাব। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, মোবাইলফোন সেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে পাশের একটি পুকুরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

