কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বিষ্ণুপুর এলাকায় সুজন ওরফে বাট্টু সুজন (২০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এই হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুস সালাম মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. সুজন কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার মিজান মিয়ার ছেলে। কুমিল্লা নগরীর বিষ্ণুপুরের মকিম মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া বাসায় থাকতেন তিনি। নগরীর কালিয়াজুড়ি আইনউদ্দিন শাহ মাজারের পাশে ডেকোরেটরের দোকান রয়েছে তাদের। ওই দোকানেই বসতেন সুজন।
সুজনের বাবা মিজান মিয়া বলেন, ‘সুজন গত রাতে দোকান থেকে বাসায় গিয়ে খাওয়া-দাওয়ার পর তোতা মিয়া ওরফে রুবেল নামের এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাত ১টার দিকে সুজনকে ছুরিকাঘাত করার খবর পাই। তখনই পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথেই সুজন মারা যায়।’
সুজনের ভাই শরীফ জানান, মৃত্যুর আগে তার ভাই নিজ মুখে বলে গেছেন, তোতা মিয়া ওরফে রুবেলের গোপন তথ্য যেন ফাঁস না হয় তার জন্যেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি আরো জানান, তার ভাইকে আরো একবার হত্যার চেষ্টা করেছিল রুবেল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুস সালাম মিয়া জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তোতা মিয়া ওরফে রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

