
গত ৪ অক্টোবর বৃহস্পতিবার যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় গণসংযোগ ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় গণসংযোগ ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আয়োজিত কর্মিসভায় সভাপতিত্ব করেন গঙ্গানন্দপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম হোসেন।
‘আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ’- স্লোগান নিয়ে অনুষ্ঠিত কর্মিসভায় সাবেক প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে পৌঁছে শেখ হাসিনা সরকারের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকের পক্ষে জনমত সৃষ্টির আহ্বান জানান। কর্মিসভার আগে তিনি মোবাইলে ৫ হাজার ক্ষুদে বার্তার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী তার প্রচারণায় অংশ নেয়ার আহ্বান জানান।

ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরকারের উন্নয়নের প্রচারণা ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে গণসংযোগ করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম আলী, কৃষকলীগ সভাপতি বাহার আলী, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হক ঢালী, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহেব আলী, নাভারন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শুকুর আলী, শংকরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কবিরুজ্জামান মিঠু প্রমূখ।

