খুলনা প্রতিনিধি : এ বছর খুলনা মহানগরী ও জেলার ৯৭৩টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এবার খুলনা জেলায় ৩৮টি মন্ডপ বেড়েছে ।
গত বছর নগরীতে ১২২টি মন্ডপ ছিল। এবার বেড়ে দাঁড়িয়েছে ১২৩টি। জেলায় গত বছর মন্ডপের সংখ্যা ছিল ৮২২টি। এবার বেড়ে দাঁড়িয়েছে ৮৫০টি।
সব পূজা মন্ডপেরই প্রতীমা তৈরির কাজ সম্পন্ন। এখন শেষ সময়ের সাজসজ্জা চলছে। ১৫ অক্টোবর শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আর ১৯ অক্টোবর প্রতীমা বিসর্জন।
পূজা পরিষদের দেওয়া তথ্য মতে, খুলনার ৯টি উপজেলার মধ্যে রূপসায় ৭৩টি, তেরখাদায় ৯৯টি, দিঘলিয়ায় ৬০টি, কয়রায় ৫৩টি, পাইকগাছায় ৪৮টি, দাকোপে ৭৮টি, ফুলতলায় ৩১টি, ডুমুরিয়ায় ১৯৭টি ও বটিয়াঘাটায় ১১১টি পূজা মন্ডপ রয়েছে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মন্ডপ কেন্দ্রীক মেলা বসানো ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মহানগরীতে রাত ৮টার মধ্যে দেবীর বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার জানালেন, তাদের দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন প্রায়। পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাস বলেন, ‘ইতিমধ্যে কেএমপি’র পুলিশ কমিশনার, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারি থাকবে।

