কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় মৈত্রী ট্রেনে কাটা পড়ে দুই সন্তানের জননী মরিয়ম খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে মরিয়ম খাতুন তার মায়ের বাড়ি উপজেলার রায়টা গ্রামে যাওয়ার পথে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় পিছন দিক থেকে কলকাতা-ঢাকাগামী মৈত্রী ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার মোজ্জাফোর হোসেন জানান, সোমবার দুপুর ১২টার সময় মৈত্রী ট্রেন উত্তর রেলগেট পার হলে সেখানে রেললাইন ধরে মরিয়ম একটি বাচ্চাসহ হাঁটছিলেন।
ট্রেন চালক অনেক হর্ন দিলেও তিনি কানে শুনতে না পেরে ট্রেনে কাটা পড়ে মারা যান। এ সময় তার সাথে থাকা পাঁচ বছরের শিশু মিরাজ প্রাণে রক্ষা পায়। পরে পোড়াদহ জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মরিয়ম খাতুন ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগের বামনপাড়া এলাকার বাসিন্দা।

