চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার ভোররাতে এস আলম সার্ভিসের একটি বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- এস আলম বাসের চালক অহিদুল আলম (৪৬) ও হেলপার আশরাফ আলী (৪২)।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া মিমতানুর রহমান ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন কলেজ বাজারস্থ তৈয়বীয়া অ্যান্ড সালেহ সুপার মার্কেটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে র্যাব। এ সময় কক্সবাজার হতে ঢাকাগামী এস আলম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-০৫৮৩) চেকপোস্ট এলাকা অতিক্রম করার সময় বাসটিতে তল্লাশি করা হয়। পরে বাসের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ২১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
ইয়াবা পাচারে জড়িত থাকার দায়ে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

