নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর জেলা হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম শনিবার ১২ তলা ভিত্তির ৭ তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফলে জেলার স্বাস্থ্যসেবায় একটি মাইলফলক উন্মোচিত হল।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘জেলা হাসপাতালটি শুধু নরসিংদীর মানুষকে সেবা দিচ্ছে এমনটি নয়। আশেপাশের সবকটি জেলাসহ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলকারি সকলকেই সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীতকরণের মাধ্যমে এখানে স্বাস্থ্য বিভাগের সকল সেবা নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তীতে এটি ৫০০ শয্যা এবং একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রূপান্তরিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে। যা আগামিতে শেখ হাসিনা সরকার গঠন করলেই সম্ভব হবে।’
সিভিল সার্জন কার্যালয় ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই ভবনটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। ভবনটি ১২ তলা বিশিষ্ট ভিত্তির হলেও প্রাথমিকভাবে ৭ তলা পর্যন্ত নির্মাণ করা হবে। যার প্রত্যেকটি ফ্লোর হবে প্রায় সাড়ে ১৭ হাজার বর্গফুটের। অবকাঠামোগতভাবে এই ভবনটি ২৫০ শয্যা বিশিষ্ট বলা হলেও প্রকৃতপক্ষে ২৭৫ টি শয্যা বসানো সম্ভব হবে। আর এই নতুন ভবনটি ১২ তলা সম্পন্ন হলে এখানে ৫০০ শয্যার সেবা দেওয়া সম্ভব হবে। নতুন এই ভবনটিতে আইসিও, সিসিও এবং ৪ টি অত্যাধুনিক অপারেশন থিয়েটারও নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে নরসিংদীর জেলা সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- শিবপুরের সাংসদ মো. সিরাজুল ইসলাম মোল্লা, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা গণপূর্ত ভবনের নির্বাহী প্রকৌশলী আ ন ম মাজহারুল ইসলাম, জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি ডা. মো. মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ প্রমুখ।

