কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দরের পার্শ্ববর্তী নাফ নদীর জাইল্ল্যারদিয়া সংলগ্ন পয়েন্ট থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া।
তিনি জানান, মৃত অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবকদের বয়স আনুমানিক ১৮-২২ বছর। তারা জিন্স প্যান্ট ও টি-শার্ট পরিহিত ছিলেন।
ওসি রণজিত বলেন, ‘টেকনাফ স্থলবন্দরের পার্শ্ববর্তী নাফ নদীর জাইল্ল্যারদিয়া সংলগ্ন পয়েন্টে দুটি লাশ ভাসতে দেখে জেলে ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।’
তিনি বলেন, ‘লাশ দুটির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও মুখমণ্ডলসহ দেহের বিভিন্ন অংশ বিকৃত হয়ে গেছে। পুলিশের ধারণা, লাশ দুটি নদীর পানিতে ভাসার সময় আঘাতের কারণে শরীর বিকৃত হয়েছে।’
ওসি রণজিত জানান, নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ নানাভাবে খোঁজখবর নিচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

