
প্রতিকী ছবি
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ থেকে মুম্বাইয়ে ৫০০ নারীকে পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। থানে জেলার দোমবিভালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশির নাম মোহাম্মদ সাইদুল শেখ। চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পর ওই নারীদের যৌন ব্যবসার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে সাইদুলের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। ওই পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাইদুলসহ এ পর্যন্ত সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আরও সাতজনকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।
পুলিশ ইন্সপেক্টর জিতেন্দ্র ভেঙ্কুট্টিকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সাইদুল বাংলাদেশ থেকে তরুণীদের মুম্বাইয়ে পাচার করতো। প্রতিজন তরুণীকে বিক্রি করে সে ৪০০০-৫০০০ রুপি করে কমিশন পেতো।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষ করে বাংলাদেশি কিশোরীদেরকে পাচার করার অভিযোগ রয়েছে সাইদুলের বিরুদ্ধে। চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে বিক্রি করে দেওয়া হতো যৌন ব্যবসার জন্য। পুলিশের দাবি, সাইদুলের সহযোগীরাও প্রেমের ফাঁদে ফেলে নারীদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যেতো।
২০১০ সাল থেকে ভারতে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সাইদুল। পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া চার কিশোরীর মাধ্যমেই সাইদুলের কথা জানতে পারে পুলিশ। ভারত সীমান্তে হাওয়ালা তথা কালো টাকার অবৈধ লেনদেনেও জড়িত ছিল সাইদুল।

