নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন নজিরপুর হয়ে পিরোজপুর পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছে পিরোজপুর ফোরাম নামের একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনেরে নেতারা।
মানববন্ধনে বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, পিরোজপুর ফোরামের কার্যকরি সদস্য আব্দুল হালিম, অলি রহমান পলাশ, পিরোজপুর ছাত্র ফোরামের ইলিয়াস মৃধা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুরের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন নাজিরপুর হয়ে পিরোজপুর পর্যন্ত বর্ধিত করতে হবে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে পিরোজপুর অন্যতম পুরাতন একটি জেলা। কিন্তু এ জেলা উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। উন্নয়নে পিছিয়ে থাকা এ জেলার মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
তারা বলেন, পিরোজপুর পর্যন্ত রেললাইন বর্ধিত করা হলে এই এলাকার মানুষের যোগাযোগ ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হবে না। এই দাবি নাজিরপুর-পিরাজেপুরবাসীর প্রাণের দাবি।

