স্পোর্টস ডেস্ক : ২১ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক অ্যালিস্টার কুকের। ১২ বছর দাপটের সঙ্গে খেলেছেন ইংলিশদের হয়ে। গড়েছেন একাধিক কীর্তি। অসাধারণ, অনন্য কুক আজ অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন একটি টেস্ট খেলে। ভারতের বিপক্ষে ক্যারিয়ার শুরু, ভারতের বিপক্ষেই তার ক্যারিয়ার শেষ হচ্ছে।
সর্বকালের সেরা এ টেস্ট ওপেনারের বর্নাঢ্য ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অংশ।
* মাইকেল ভনের রিপ্লেস হিসেবে ২০০৬ সালে ভারতের বিপক্ষে নাগপুরে অভিষেক অ্যালিস্টার কুকের। দ্বিতীয় ইনিংসেই ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পান বাঁহাতি ওপেনার। ১৬তম ইনিংস ক্রিকেটার হিসেবে কুক অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন।
* নিজের তৃতীয় ম্যাচটিই অসুস্থতার কারণে মিস করেছিলেন কুক। কিন্তু ওই ম্যাচের পর কোনো বিরতি ছাড়া ১৫৮ টেস্ট খেলার কীর্তি গড়েছেন।
* অ্যাশেজ সিরিজে সব সময়ই দারুণ পারফরম্যান্স করেছেন কুক। ক্যারিয়ারে সাতটি অ্যাশেজ সিরিজ খেলেছেন। যার চারটিতেই জিতিছেন। ২০১০-১১ মৌসুমে ১২৭.৬৬ গড়ে মোট ৭৬৬ রান করেছিলেন কুক। অস্ট্রেলিয়ার মাটিতে তার দাপুটে পারফরম্যান্সে ২৪ বছর পর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড।
* ২০১২ সালে অ্যান্ড্রু স্ট্রাউসের থেকে অধিনায়কত্ব পান কুক। ইংল্যান্ডকে ২৪ টেস্ট জয়ের স্বাদ দিয়েছেন কুক। তার থেকে ২ টেস্ট বেশি জিতেছেন মাইকেল ভন।
* তার নেতৃত্বে ২৭ বছর পর ভারতের মাটিতে ২০১২ সালে টেস্ট জেতে ইংল্যান্ড।
* ঘরের মাঠে তার নেতৃত্বে ২০১৩ এবং ২০১৫ সালে অ্যাশেজ জেতে ইংল্যান্ড। কিন্তু ২০১৩-১৪ সালে তার নেতৃত্বে ইংল্যান্ড হোয়াইটওয়াশড হয়েছিল ৫-০ ব্যবধানে।
* ২০১৭ সালে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়েন কুক। ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে টেস্ট হারের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান কুক।
* প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে দশহাজার রান করেছেন কুক। সেটাও ২০১৬ সালে।
* ক্যারিয়ারে মোট পাঁচটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন কুক।
* মোট ১২ ওপেনিং পার্টনার পেয়েছেন কুক। এদের মধ্যে অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছেন। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত কুক ও স্ট্রাউস মোট ১১৭ ইনিংস একই সঙ্গে ব্যাটিং করেছেন। দুজনের জুটি থেকে এসেছে মোট ৪৭১১ রান।
* ওয়ানডেতে ৩৬.৪০ গড়ে রান করেছেন কুক। ৯২ ওয়ানডেতে তার রান ৩২৪০। ২০১৪ সালের পর ওয়ানডে দলে জায়গা হারান কুক। ইংলিশদের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৪টি।
* টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা ছয়ে রয়েছেন কুক (১২২৫৪)
* টেস্টে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান কুকের (১১৬২৭)
* সর্বোকনিষ্ঠ ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০ এবং ৬০০০ রান করেছেন কুক।
* এছাড়া সর্বোকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০ রান করেছেন কুক।
* ২০১১ সালে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন কুক। এছাড়া ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে আইসিসির সেরা টেস্ট দলে জায়গা পান কুক।
* বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে কুক রান করেছেন ৪৯০। দুটি সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে।
* ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ৬টি করে টেস্ট সেঞ্চুরি। ৫টি করে সেঞ্চুরি অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে।
কুকের রেকর্ড
ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রান (১২,২৫৪)
সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি (৩২)
সবচেয়ে বেশি দেড়শ বা তার ওপরে ইনিংস (১১)
সর্বোচ্চ টেস্ট ম্যাচ (১৬০)
অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ম্যাচ (৫৯)
সবথেকে বেশি ক্যাচ (১৭৩)
কুকের সেরা ছয় ইনিংস
১০৪* প্রতিপক্ষ ভারত, নাগপুর ২০০৬
২৩৫* প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ব্রিসবেন ২০১০
২৯৪ প্রতিপক্ষ ভারত, এজবাস্টন ২০১১
১৯০ প্রতিপক্ষ ভারত, কলকাতা ২০১২
২৬৩ প্রতিপক্ষ পাকিস্তান, আবু ধাবি ২০১৫

