নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৮ অগণতান্ত্রিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশাচালক শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাজালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, যুগ্ম সম্পাদক এ আর আলমগীর, কোষাধাক্ষ্য নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার জন্য সড়ক, গাড়ি, পথচারী, গাড়ির মালিক ও গাড়িচালকসহ সব পক্ষের দায় আছে। শুধুমাত্র গাড়িচালকদের ওপর সব দায় চাপানোর মানসিকতা দ্বারা আইন প্রণয়ন করলে তা দুর্ঘটনা কমাবে না। ঝুঁকিপূর্ণ সড়ক নির্মাণ, মুনাফালোভী মালিক, দুর্নীতিবাজ কমকর্তা, আইন লঙ্ঘনকারী গাড়িচালক, অসচেতন যাত্রী, পথচারী এসব বিষয়কে বিবেচনা করে আইন ও শাস্তির বিধান করতে হবে।
বক্তারা প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৮ অগণতান্ত্রিক ও শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল, সড়ক দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন, নিরাপদ সড়কের মতো শ্রমিকেরও নিরাপত্তা, দুর্ঘটনার সব দায় শ্রমিকদের ওপর না চাপানোর দাবি জানান।

