বিনোদন ডেস্ক : কঙ্গনা রাণৌত অভিনীত পরবর্তী সিনেমা মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। সিনেমাটিতে রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার শুটিং সেটের ক্ল্যাপবোর্ডের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে সিনেমাটির পরিচালকের জায়গায় লেখা রয়েছে কঙ্গনার নাম। এরপর থেকেই গুঞ্জন উঠেছে- সিনেমাটির পরিচালনার দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী।
তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কুইন অভিনেত্রী। এক বিবৃতি তিনি জানিয়েছেন, মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি সিনেমার পরিচালকের দায়িত্বে কৃষ জাগালামুড়িই আছেন। বর্তমানে অন্য একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এ নির্মাতা। আগামী ২৫ জানুয়ারিতে মর্ণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি সিনেমার মুক্তিতে যেন কোনো বাধা তৈরি না হয় এ জন্য পরিচালকের হয়ে অবশিষ্ট কিছু শুটিংয়ের দায়িত্ব পালন করেছেন কঙ্গনা। শুটিং সেটের যেন কোনো দ্বিধা তৈরি না হয় এজন্য ক্ল্যাপবোর্ডে কঙ্গনার নাম লেখা হয়।
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। এতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন-সোনু সুদ, অতুল কুরকার্নি, অঙ্কিতা লোখান্ডে প্রমুখ।

