বিনোদন ডেস্ক : বলিউড তারকারা কী করছেন, কোথায় যাচ্ছেন তার ওপর মিডিয়াগুলোর সব সময় নজরদারী থাকে। এমনকি তারকা সন্তানরাও এ নজরদারী থেকে রেহাই পায় না। ছোটবেলা থেকেই পাপারাজ্জিদের ক্যামেরার ঝলকানির সঙ্গে পরিচিত হয়ে ওঠে তারা।
তবে জন্মের পর থেকে মেয়ে আদিরাকে মিডিয়া থেকে এক রকম আড়ালেই রেখেছেন অভিনেত্রী রানী মুখার্জি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকার এর কারণ জানিয়েছেন এ অভিনেত্রী।
রানী মুখার্জি বলেন, ‘অল্প বয়সে একজন শিশুকে জোর করে অপ্রয়োজনীয়ভাবে সবার সামনে আনার চেষ্টা করার বিষয়টি আমার বোধগম্য নয়। আমি চাই না আমার সন্তান কারো নামে বেড়ে উঠুক। এখন তার পরিচিতি সে প্রসিদ্ধ মা-বাবার সন্তান, কিন্তু এ পর্যন্তই। এটি এমন নয় যে তাকে অর্জন করতে হয়েছে। সে যখন বড় হবে তখন নিজের খ্যাতি তাকে অর্জন করে নিতে হবে। এজন্যই আমি মনে করি তাকে মিডিয়া থেকে দূরে রাখা প্রয়োজন। আমি এখন পর্যন্ত আমার মেয়ের কোনো ছবি প্রকাশিত হতে দিইনি। আমি মনে করি অন্যদের দ্বারাও এটি সম্ভব।’
গত বছর শাহরুখ খানের মেয়ে সুহানাকে পাপারাজ্জিদের ঘিরে ধরার একটি ভিডিও প্রকাশিত হলে তা বেশ সমালোচনার জন্ম দেয়। শাহরুখের পাশাপাশি অভিনেত্রী কাজলও এ বিষয়ে বক্তব্য দিয়েছিলেন।
কাজল বলেন, ‘আমরা তারকা, এসব মেনে নেয়া আমাদের কাজ। কিন্তু একজন কিশোরীর সঙ্গে এমন আচরণ হেনস্তা ছাড়া কিছু নয়। আমাদের সন্তানদের ব্যাপারে তাদের (পাপারাজ্জি) আরো দায়িত্বশীল হওয়া উচিৎ।’

