নিউজ ডেস্ক : আগামী অক্টোবরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন জোমেল ওয়ারিকান। দুই বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন বাঁহাতি এই স্পিনার।
ওয়ারিকান তার চার টেস্টের সবশেষটি খেলেছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে। এ বছরের জানুয়ারিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার সঙ্গে লাল বলের চুক্তি করলে আবার জাতীয় দলে ফেরার আভাস পান তিনি। তারই ধারাবাহিকতায় এবার দলেও জায়গা হলো ২৬ বছর বয়সি স্পিনারের। লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গে দলের দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার তিনি।
এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন ২১ বছর বয়সি ফাস্ট বোলার আলজারি জোসেফ। ২০১৬ সালে ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল তার। কিন্তু চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ছয় টেস্টের বেশি খেলা হয়নি। বাংলাদেশের বিপক্ষে গত জুলাইয়ে দ্বিতীয় টেস্টে দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।
১৫ জনের দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাহমার হ্যামিল্টন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন তিনি। কিন্তু ম্যাচ খেলা হয়নি। দলে ফিরেছেন ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিসও।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন বছর পর দলে ফেরা ব্যাটসম্যান ডেভন স্মিথ অবশ্য বাদ পড়েছেন। বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার মিগুয়েল কামিন্সও।
ভারত সফরে দুই টেস্টের পাশাপাশি পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিও খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৪ অক্টোবর রাজকোটে শুরু হবে প্রথম টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: জেসন হোল্ডার (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, রোস্টন চেজ, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কিমো পল, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

