বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। তাকে বলা হয়ে থাকে ‘বলিউডের শাহেনশাহ’। অভিনয় দক্ষতায় হয়েছেন চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি। কিন্তু তিনি কিনা দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও আনুশকা শর্মার সঙ্গে অভিনয় করতে ভয় পান।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বলিউডের বিগ বি। তিনি বলেন, ‘আলিয়া, দীপিকা, আনুশকা এতটাই শক্তিশালী অভিনয়শিল্পী যে আমি তাদের সঙ্গে অভিনয় করতে ভয় পাই। আমরা বছরের পর বছর ধরে আমাদের দক্ষতা ঠিক করে আসছি এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তারা প্রথম দিনে সেটে আসার পর থেকেই জানে তাদের কী করতে হবে। তারা খুবই আত্মবিশ্বাসী এবং পরিণত।’
বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে দীপিকার পাড়ুকোনের সঙ্গে অরক্ষন (২০১১) ও পিকু (২০১৫) সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে আনুশকা শর্মার সঙ্গে এখনো কোনো সিনেমায় কাজ করেননি বিগ বি।
শুধু অভিনেত্রী নয়, বর্তমান সময়ের অভিনেতাদেরও প্রশংসা করে অমিতাভ বচ্চন বলেন, ‘রণবীর, সুশান্ত, বরুণ ও রাজকুমার রাওদের অভিনয় লক্ষ্য করুন। সম্প্রতি একটি সিনেমা মুক্তি পায় সোনু কি টিটু (সোনু কে টিটু কি সুইটি), খুবই আজব নাম। সেখানে কার্তিক আরিয়ান খুবই ভালো অভিনয় করেছে। সিনেমাটির গল্পও খুবই চমৎকার। আমি তাদের প্রতি এতটাই মুগ্ধ হয়েছি যে এখনো তাদের অভিনন্দন জানিয়ে চিঠি লিখে চলেছি।’

