স্পোর্টস ডেস্ক : আর মাত্র ৭ উইকেটের অপেক্ষা। ৭ উইকেট পেলেই উইকেটসংখ্যায় টেস্ট ইতিহাসের সবচেয়ে সফলতম ফাস্ট বোলার হয়ে যাবেন জেমস অ্যান্ডারসন।
রেকর্ডটা এখন অস্ট্রেলিয়ান গ্রেট গ্লেন ম্যাকগ্রার দখলে। ২০০৭ সালে অবসরে যাওয়ার আগে ম্যাকগ্রা ১২৪ টেস্টে নিয়েছিলেন ৫৬৩ উইকেট। ১৪১ টেস্টে অ্যান্ডারসনের উইকেটসংখ্যা ৫৫৭টি।
ম্যাকগ্রার রেকর্ড ভাঙার খুব কাছেই আছেন অ্যান্ডারসন। সেটা হয়ে যেতে পারে আগামী পাঁচ দিনের মধ্যেই। সাউদাম্পটনে আজ সিরিজের চতুর্থ টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
কদিন আগে ম্যাকগ্রা নিজেও বলেছেন, সাউদাম্পটন টেস্টেই তাকে ছাড়িয়ে যেতে পারেন অ্যান্ডারসন। ইংলিশ পেসার তার রেকর্ড ভাঙতে যাচ্ছেন বলে গর্বিতও অস্ট্রেলিয়ান গ্রেট।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম তিন টেস্ট মিলিয়ে অ্যান্ডারসন নিয়েছেন সর্বোচ্চ ১৭ উইকেট। বাকি দুই টেস্টে ৭ উইকেট নিলেই ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাবেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটের মালিক।

