বিনোদন প্রতিবেদক : দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্নধর্মী সংগীতানুষ্ঠান কানসূতা। আগামী ৩১ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে গানশালা’র আয়োজনে ‘কানসূতা ০০২’ শিরোনামে শ্রোতা ও শিল্পীদের গান-কথার আসর অনুষ্ঠিত হবে।
এতে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে, কামরুজ্জামান সুজনের সংগীতায়োজনে পরিবেশিত হবে ফাহমিদা নবী, সুজন এবং সুকন্যা’র গান।
এ প্রসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, ‘গান এবং কানের একটা নিবিড় সম্পর্ক আছে। এই গান এবং কানের মাঝখানে যে মেলবন্ধন, সেটাকেই বলা হচ্ছে কানসূতা। এটি গান শুনবার একটি আসর। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কানসূতার আসর। আমার সঙ্গে আরো দু’জন নতুন প্রজন্মের শিল্পী আছেন, তারাও এতে গাইবেন।’
এ আসরের উদ্যোক্তা এনামুল করিম নির্ঝর বলেন, ‘আমার কাছে সময়টা হচ্ছে আত্মোপলব্ধির মতো। গানের কথায় বোধের দরজার যতটুকু টোকা দেয়া যায়, বরারবরের মতো এবারো সে চেষ্টাই থাকছে গানগুলোতে। আর আয়োজন নিয়ে বলতে গেলে, গান প্রকাশের আগে শ্রোতা এবং শিল্পীকে মুখোমুখী করে দেয়া, জবাবদিহিতার একটা জায়গা তৈরি হওয়া আর আড্ডা। ভালো গান তৈরিতে শ্রোতা এবং শিল্পীর মতবিনিময় খুব জরুরি।’
অনুষ্ঠানে পরিবেশিত ১৫টি গানের এই সংকলন প্রকাশিত হবে বাংলাদেশের জিপি মিউজিক, বাংলালিঙ্ক ভাইব, রবি ভারতের টাইমস মিউজিক, ও গানশালার ইউটিউব চ্যানেলে। প্রকাশিত হবে মিউজিক ভিডিও। এ আয়োজনের এক্টিভিটি পার্টনার শাহ সিমেন্ট।
এর আগে ‘কানসূতা ০০১’-এ প্রকাশিত হয়েছিল অর্ক সুমনের সংগীতায়োজনে আরমিন মুসা, অর্ক ও জয়ীতা মহলানবীশের গান। চার পর্বের ‘কানসূতা’ প্রকল্পে প্রকাশিত হবে আরো ছয় শিল্পীর গান। গান প্রকাশের আগে শ্রোতা সংযোগে শ্রোতাদের সরাসরি প্রতিক্রিয়া জানতে অনুষ্ঠিত হবে গানের আসর।

