নিজস্ব প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ সোমবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন তৃতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৮ (পুরুষ)।’ পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা বুধবার পর্যন্ত চলবে।
সকালে পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান থ্রোবল ফেডারেশনের সভাপতি ড. মুস্তফা কামাল বিন মাওলাত, দাতো’সেরি ও রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম টুটুল। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান ও যুগ্ম সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ অন্যান্যরা।
উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সাতক্ষীরা জেলা, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, বিজেএমসি ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থা। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ২-১ সেটে হারায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে। দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরা জেলা ২-১ সেটে জয় পায় শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা। পুলিশ ২-১ সেটে জয় পায়। চতুর্থ ম্যাচে লড়ে আনসার ও গাজীপুর জেলা। আনসার ২-১ ব্যবধানে জয় পায়। পঞ্চম ম্যাচে বাংলাদেশ জেল ২-১ সেটে হারায় সাতক্ষীরা জেলাকে। ষষ্ঠ ম্যাচে নড়াইল জেলা ২-১ ব্যবধানে হারায় বিজেএমসিকে। পরের ম্যাচেই বিজেএমসি ২-১ ব্যবধানে ঢাকা জেলাকে হারায়। দিনের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় সাতক্ষীরা ও পুলিশ। বর্তমান চ্যাম্পিয়ন পুলিশ ২-১ ব্যবধানে জয় পায়।
এবারের প্রতিযোগিতায় ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘ক’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাব, বাংলাদেশ জেল, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা। আর ‘খ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পাটকল সংস্থা (বিজেএমসি), নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল ও ফাইনাল খেলবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। পাশাপাশি ১২ দলের সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও শর্টস দেওয়া হবে।
এই প্রতিযোগিতার রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে রাইজিংবিডি.কম।

