বিনোদন প্রতিবেদক : কয়েকদিন পরেই ঈদুল আজহা। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করছে নতুন নতুন অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় বিটিভি আয়োজন করেছে ‘তারকা মেলা’। সম্প্রতি অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। এবারের পর্বে হাজির হয়েছেন ‘মিয়া ভাই’খ্যাত চিত্রনায়ক ফারুক। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা আঁচল আঁখি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আরেক চিত্রনায়িকা শম্পা হোসাইন।
‘তারকা মেলা’ অনুষ্ঠানে চলচ্চিত্রের অতীত ও বর্তমান বিষয় নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করা হয়। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “তারকা মেলা’ চমৎকার একটি অনুষ্ঠান। এতে আমাদের প্রিয় ফারুক ভাই চলচ্চিত্রের অতীত নিয়ে স্মৃতিচারণ করেছেন, যা ছিল অনেকের অজানা। এসব বিষয় এ অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবে। এছাড়া বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়েও আলোচনা হয়েছে। সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটি দারুণ হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”
ঈদের দ্বিতীয়দিন বিকাল ৫ টা ৩০ মিনিটে বিটিভিতে ‘তারকা মেলা’ প্রচার করা হবে বলে জানা গেছে।

