লাইফস্টাইল ডেস্ক : আধুনিক যন্ত্রপাতি ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি হয় মটির নানা জিনিস। শুকানোর পর তা মাটির চুল্লিতে পুড়িয়ে চাহিদা অনুসারে রং করা হয়। এবার শো পিসের দোকানে শোভা ছড়ায় নিজ রূপে। বাহারি ঢঙে সাজানো মাটির পণ্যগুলো দেখে বিগলিত হয় ক্রেতামন। সহজলভ্য হওয়ায় প্রয়োজনের সবটায় কিনে ঘরে তোলেন সৌন্দর্যপ্রেমীরা।
ঘরের সাজে নান্দনিক ছোঁয়া দিতে চাইলে আপনিও কিনতে পারেন মাটির এসব পণ্য। মাটির পণ্যে ঘর সাজালে ফুটে উঠবে ঘরের সজীবতা ও প্রকৃতির ছোঁয়া। দামটা হাতের নাগালে থাকায় খরচও পড়বে কম।
মাটি দিয়ে তৈরি নানা ধরনের খেলনা, পুতুল, ফুলদানি, কলমদানি, ওয়াল ম্যাট, ল্যাম্পস্ট্যান্ড, গাছের টব, কলস, মাটির ব্যাংক, বিখ্যাত ব্যক্তিদের মুখাবয়ব, পশু, পাখি, ফুল, ফল, গাছ, গ্রামের দৃশ্য, ট্রে, শিশুদের খেলনার সরঞ্জাম, রঙিন হাঁড়ি-পাতিল, গয়নাসহ শৌখিন ও দৃষ্টিনন্দন শোপিস পাওয়া যায়। মাটির তৈজসপত্রের মধ্য রয়েছে প্লেট, কারি বাটি, রাইস কারি, কাপ-পিরিচ, অ্যাশট্রে, মদনপট, জগ, গ্লাস, কুপি, শানকিসহ অনেক কিছু। দৃষ্টিনন্দন এসব জিনিস বিক্রি হয় ২০ থেকে ৫০০ টাকার মধ্যে।
নামিদামি সব সামগ্রীর মধ্যেও শোপিসগুলো শোভা বৃদ্ধি করতে কম যায় না। এসব শোপিস রাজধানীর শিশু একাডেমির সামনে, আড়ং, নিউমার্কেটের ফুটপাতে, সাভারের জাতীয় স্মৃতিসৌধের উল্টো দিকে পাবেন।

