ঢাকাFriday , 17 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় বল ছোট বল

Link Copied!

বিনোদন ডেস্ক : মামুনের ফুটবলই ধ্যানজ্ঞান। তার বাবা এক সময় স্থানীয় পর্যায়ে নামকরা ফুটবলার ছিলেন। কিন্তু ছেলেকে তিনি ফুটবলার হিসেবে দেখতে চান না। তিনি চান- তার ছেলে ফুটবল ছেড়ে একটা চাকরি করুক। তাহলে তাদের মধ্যবিত্ত পরিবারটা আর আর্থিক সংকটে থাকবে না। কিন্তু ছেলের স্বপ্ন বড় ফুটবলার হওয়া। ফুটবলের মাধ্যমেই সে দেশকে কিছু একটা দিতে চায়। বাবার অমত সত্ত্বেও ফুটবল নিয়ে বাড়ি থেকে বের হয় মামুন। পথে দেখা হয় তার ছোট বোনের সঙ্গে। সে স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসছে।
মামুনের বোনের স্বামী ‘ফটকাবাজ’ টাইপের মানুষ। বিয়ের সময় বলেছিল, সে সরকারের ফুড ডিপার্টমেন্টে চাকরি করে। বিয়ের পর দেখা গেল খবরটা ভুয়া। বোনের স্বামী কোনো চাকরিই করে না। যৌতুক নিয়ে বিয়ে করেছে। শ্বশুরের কাছ থেকে কিছু টাকা বাগিয়ে নেওয়ার জন্য হঠাৎ শ্বশুর বাড়ি এসেছে। তাকে নিয়ে মামুনদের সংসারে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়। এমনই পরিস্থিতিতে শহরে আবির্ভাবে ঘটে একজন জনপ্রিয় ক্রিকেটারের। মামুন যাকে ভালোবাসে সেই প্রিয়ার সঙ্গে ওই ক্রিকেটারের বিয়ের কথা চলছে। কিন্তু প্রিয়া এই বিয়েতে রাজি না। মামুনের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয় প্রিয়া।
পার্কে মামুনের সঙ্গে প্রিয়ার দেখা করার কথা কিন্তু মামুন আসে না। বাধ্য হয়ে রাতে মামুনের বাড়িতে যায় প্রিয়া। কিন্তু রাতেও মামুন বাড়িতে ফিরে না। মামুনের বাবা-মা প্রিয়াকে তার বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেয়। প্রিয়া অনেক অনুনয় করে রাতে মামুনদের বাড়িতেই থেকে যায়। রাতে টেলিভিশনের খবরে জানা যায়, আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মামুন। প্রিয়াসহ মামুনদের গোটা পরিবারে আনন্দের বান ডেকে ওঠে। কিন্তু গভীর রাতে অকস্মাৎ প্রিয়ার বাবা মামুনদের বাড়িতে উপস্থিত হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে ‘বড় বল ছোট বল’ নাটকের গল্প।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে ফুটবলার মামুন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। প্রিয়ার চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন সুকর্ন হাসান।
এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, মাহবুবা রেজানুর, মোশারফ হোসেন, জিএম সালাউদ্দিন, মিন্টু সরদারসহ নীলফামারীস্থ সৈয়দপুর উপজেলা শহরের একদল নাট্যকর্মীকে। ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।