বিনোদন প্রতিবেদক : পরিচালক মাহমুদুল ইসলাম বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি নাটকও নির্মাণ করেন। সম্প্রতি ‘দ্য অরজিনাল আর্টিস্ট’ নামের একটি নাটক নির্মাণ করলেন তিনি। এতে অভিনয় করেছেন কামরুজ্জামান কামু, মাসুমা রহমান নাবিলাসহ অনেকে। এ নাটকের মাধ্যমেই বিয়ের প্রায় তিন মাস পর অভিনয়ে ফিরলেন উপস্থাপিকা ও অভিনেত্রী নাবিলা।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঈদুল আজহায় ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ নিয়ে ছোট পর্দায় হাজির হবেন। তার ছবিয়াল পরিবারের সদস্যদের নিয়ে অর্থাৎ আটজন নির্মাতাকে নিয়ে আটটি নাটক নির্মাণ করছেন। এ আটটি নাটকের একটি ‘দ্য অরজিনাল আর্টিস্ট’।
সম্প্রতি রাজধানীর সূত্রাপুরে প্রায় আড়াইশ বছর আগের একটি বাসায় নাটকটির শুটিং হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদুল ইসলাম বলেন, ‘আমরা সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছি। একজন সৎ মেকআপ ম্যানের উপর ভিত্তি করে নাটকটির গল্প এগিয়েছে। আশা করছি, এটি দর্শকদেরও ভালো লাগবে।’
তিনি আরো বলেন, ‘বিজ্ঞাপন নির্মাণ করলেও আমি আমার ক্যারিয়ার নাটক দিয়েই শুরু করেছিলাম। এরপর নাটকে বেশ লম্বা একটি বিরতি নিয়েছিলাম। তবে আবারো নাটকে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে।’ ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে নাটকটি প্রচারিত হবে।

