সিলেট প্রতিনিধি : প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে নতুন টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত এসব নতুন নোট ছাড়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের যুগ্ম পরিচালক মো. জাবেদ আহমদ।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্দিষ্ট কাউন্টার ছাড়াও সোনালী ব্যাংক খাদিমনগর শাখা, পূবালী ব্যাংক পাঠানটুলা শাখা এবং ইসলামী ব্যাংকের দক্ষিণ সুরমা শাখা হতে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম পরিচালনা করা হবে।
চাহিদা মেটাতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সারা বছরই কাগুজে নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে দুই ঈদে সাধারণ মানুষের মধ্যে নতুন নোটের বেশ কদর রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন নোট বিতরণ করে বাংলাদেশ ব্যাংক।
তিনি জানান, একজন গ্রাহককে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটের একটি করে বান্ডেল দেওয়া হবে। তবে সর্বোচ্চ ১৮ হাজারের অধিক নতুন নোট এক ব্যক্তিকে দেওয়া হবে না। ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রাও সংগ্রহ করা যাবে বলে জানান তিনি।

