বিনোদন প্রতিবেদক : রঙিন আলোয় সজ্জিত ড্রিম ডিসকো বার। সেখানে নাচছেন মাহিয়া মাহি। আর এই ডিসকোতে সময় কাটাতে এসেছেন ডি এ তায়েব। মাহির সঙ্গে নাচেগানে মেতে উঠেছেন তিনি। তায়েব শহরের একজন দাগি সন্ত্রাসী। তাকে গ্রেপ্তার করতেই ডিবি অফিসার মাহিয়া মাহি এই নর্তকীর বেশ ধরেছেন। এভাবেই একটি দৃশ্যের বর্ণনা দেন নির্মাতা বদিউল আলম খোকন।
গতকাল মঙ্গলবার বিএফডিসির চার নম্বর শুটিং ফ্লোরে ‘অন্ধকার জগৎ’ সিনেমার এই দৃশ্যের শুটিং হয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব। এরই মধ্যে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। এখন শেষ লটের দৃশ্যধারনের কাজ চলছে বলেও জানান এ নির্মাতা।
মাহি-তায়েব ছাড়াও এতে আরো অভিনয় করছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, আলেকজান্ডার বোসহ অনেকে। দু-একদিনের মধ্যে দৃশ্যায়নের কাজ শেষে সম্পাদনার টেবিলে যাবে সিনেমাটি।

