বিনোদন প্রতিবেদক : ‘প্রেমের তাজমহল’খ্যাত পরিচালক গাজী মাহবুব। সর্বশেষ তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ছিলেন। গত বছর ২০ মে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নায়করাজ রাজ্জাককে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে গাজী মাহবুবের বাকবিতণ্ডা হয়। ঘটনাটি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপরই পরিচালক সমিতি এক বছরের জন্য তার সদস্য পদ স্থগিত করে। যে কারণে তিনি কার্যনির্বাহী পরিষদের সদস্য পদও হারান।
সদস্য পদ স্থগিত করার এক বছর পূর্ণ হওয়ায় তাকে আবার সদস্য পদ ফিরে দেয়া হয়েছে বলে জানান পরিচালক গাজী মাহবুব। গত বছর তিনি ‘ভালোবাসা ২৪.৭’ সিনেমার কাজ শুরু করেন। সদস্যপদ স্থগিত করার কারণে কাজটি বন্ধ হয়ে যায়। চলতি মাসের শেষের দিকে পুনরায় সিনেমাটির কাজ শুরু করবেন এই নির্মাতা।
এ প্রসঙ্গে পরিচালক গাজী মাহবুব বলেন, ‘পরিচালক সমিতির সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি। সমিতির সাধারণ সভায় আমার সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। আমি এখন সিনেমার কাজ শুরু করতে পারবো।’
এ বিষয় পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘গাজী মাহবুবের সদস্য পদের স্থগিত আদেশ তুলে নেয়া হয়েছে। এখন তিনি পরিচালক হিসেবে সকল কাজ করতে পারবেন। আর কোনো বাধা নেই।’

