ঢাকাMonday , 6 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বাস ছিল ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতব : সাকিব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড কোনো কালেই ভালো না। এই তো কিছুদিন আগেই বাংলাদেশ তিন ম্যাচের প্রতিটিতেই হেরে এসেছিল আফগানিস্তানের কাছে। এবার সেই টি-টোয়েন্টিতেই দাপুটে পারফরম্যান্সে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল সিরিজ। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বললেন, প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দলের সবাই বেশ আত্মবিশ্বাসী ছিলেন।
সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। সেন্ট কিটস থেকে শেষ দুই ম্যাচের জন্য দল গেল ফ্লোরিডার লডারহিলে। ভেন্যু বদলের সঙ্গে সঙ্গে বাংলাদেশও বদলে গেল দারুণভাবে। মার্কিন মুলুকে পরপর দুই ম্যাচ জিতে ছয় বছর পর বিদেশের মাটিতে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
আজ শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জয়ের পর সাকিব বলেছেন, ‘ছেলেদের প্রচেষ্টা ছিল অবিশ্বাস্য। প্রথম ম্যাচটা হারার পর আমরা দারুণ দৃঢ়তা দেখিয়েছি। সবাই বিশ্বাস রেখেছিল যে, আমরা সিরিজে ঘুরে দাঁড়াতে পারি। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বচ্যাম্পিয়ন দল এবং আমরা দারুণ দৃঢ়তা দেখিয়েছি। এমনকি দলের যে খেলোয়াড়রা মাঠে নামেনি, তারাও তাদের নিজেদের কাজগুলো ঠিকমতো করেছে। আমার মনে হয়, এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারতাম না।’
২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে নিয়মিতই ভালো করছে বাংলাদেশ। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ওয়ানডে সিরিজ জিতেছে। আর টি-টোয়েন্টি সিরিজ জয় এই ফরম্যাটেও ভালো করার ব্যাপারে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন সাকিব, ‘গত তিন–চার বছর ধরেই আমরা ওয়ানডেতে ভালো করছি, ২০১৫ বিশ্বকাপের পর থেকে। এই টি-টোয়েন্টি সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে যে, আমরা টি-টোয়েন্টিতেও ভালো করতে পারি।’
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজটা বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। দেশের মাটিতে টেস্টে ভালো করলেও দেশের বাইরে বাংলাদেশের পাফরম্যান্স বরাবরই খারাপ। সাকিব তাই বিদেশের মাটিতেও টেস্টে ভালো করার তাগাদা দিলেন, ‘এখন আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে কাজ করতে হবে। টেস্টে আমরা ইতিমধ্যেই ঘরের মাঠে ভালো করছি। এবার আমাদের বিদেশের মাটিতে ভালো করতে হবে।’
দ্বিতীয় ম্যাচ শেষে সাকিব বলেছিলেন, ফ্লোরিডায় খেলে মনে হচ্ছিল তিনি বাংলাদেশেই খেলছেন। প্রবাসী বাংলাদেশি সমর্থকদের তার কাছে মনে হয়েছে বাংলাদেশ দলের দ্বাদশ খেলোয়াড়, আমাদের কখনো মনেই হয়নি আমরা দেশের বাইরে খেলছি। সমর্থকদের ধন্যবাদ। তারা ছিল অনেকটা দ্বাদশ খেলোয়াড়ের মতো।’