স্পোর্টস ডেস্ক : সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলকে একাই টেনেছেন। করেছেন ইংল্যান্ডের মাটিতে তার প্রথম টেস্ট সেঞ্চুরি। তাতে ২০১৪ সালে ইংল্যান্ড সফরের দুঃস্বপ্নও মুছে ফেলেছেন। এজবাস্টন টেস্টে বিরাট কোহলির ১৪১ রানের অনবদ্য ইনিংস নিয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্বও। তবুও ভারত অধিনায়ক এই ইনিংসকে ক্যারিয়ারের সেরা মনে করছেন না। কোহলি বরং এক নম্বরে রাখতে চান চার বছর আগে অ্যাডিলেড টেস্টের সেঞ্চুরিকে।
২০১৪ সালে রান-বন্যার সে ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন কোহলি। জোড়া সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও। মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে সে ম্যাচে প্রথমবারের মতো টেস্টে ভারতকে নেতৃত্বও দিতে হয়েছিল কোহলিকে। শেষ দিনে ভারতের সামনে ছিল ৩৬৪ রানের লক্ষ্য। কোহলি বলেছিলেন, তারা জয়ের জন্যই খেলবেন। কোহলির ১৪১ রানের অসাধারণ ইনিংসের পরও ভারত শেষ পর্যন্ত ৪৯ রানে হেরে যায়।
ক্যারিয়ারের সেরা টেস্ট ইনিংসের প্রশ্নে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘জানি না কোন ইনিংসটা সেরা। হয়ত অ্যাডিলেডের সেই ইনিংসের পরে এটা আসবে। ওটা চিরকালই আমার কাছে আলাদা। মনে রাখতে হবে সেবার দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিন ব্যাট করছিলাম ৩৬৪ রানের লক্ষ্যে পৌঁছাতে। সেবার মনে এই বিশ্বাসটা ছিল যে, লক্ষ্যে পৌঁছাবই। সেটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। তবে এই ইনিংসটা খেলেও আমি খুবই খুশি আর সকলের কাছে কৃতজ্ঞ।’
চার বছর আগে ইংল্যান্ড সফরে কোহলি দশ টেস্ট ইনিংসে করেছিলেন মোটে ১৩৪ রান। চার বছর পর প্রথম টেস্ট ইনিংসেই ছাড়িয়ে গেলেন আগের পুরো সিরিজের রান! দলের অর্ধেকের বেশি রান এসেছে তার ব্যাট থেকেই। দ্বিতীয় দিন কোহলির উইকেট পড়তেই ২৭৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৭ রানের চেয়ে যা ১৩ রান কম।
কোহলি চেয়েছিলেন ইনিংসটা আরো বড় করতে, ‘শুধু তিন অঙ্কের ঘরে পৌঁছানো নয়, ইনিংসটা আরো টেনে নিয়ে যাওয়া দরকার ছিল। আউট হয়ে তাই আমি খুবই হতাশ হয়ে পড়ি। চেয়েছিলাম অন্তত ১০-১৫ রানে এগিয়ে থাকতে। পরে আবার মনে হলো, সেটা হলে তো আর দ্বিতীয় দিন আমরা বোলিং করতেই পারতাম না।’
এই সফরের আগে কোহলি ভালমতো প্রস্তুতি নিয়েছিলেন। অনেকেই বলেছিলেন, অতীতে ইংল্যান্ড সফরে তার অভিজ্ঞতা তেমন ভালো ছিল না বলেই প্রস্তুতিতে জোর দিয়েছিলেন ভারত অধিনায়ক। এই সেঞ্চুরির মাধ্যমে হয়ত তাদেরই জবাব দিলেন। তবে সরাসরি সে কথা বলছেন না কোহলি, ‘যে ভাবে এই সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছি তাতে আমি খুশি। অন্য কে কী বলল তা নিয়ে ভাবার সময় নেই।’

