স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেট আইপিএলের মতো একটি টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। অবশ্য ২০১২ সালে তারা লঙ্কা প্রিমিয়ার লিগ নামে একটি লিগ চালু করেছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে সেটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই লিগটাকেই পুনরুজ্জীবিত করার কথা ভাবছিল শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাইরের খেলোয়াড়রাও খেলতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চিন্তা থেকে সরে দাঁড়িয়েছে তারা। বিদেশিরা নয়, কেবল শ্রীলঙ্কার খেলোয়াড়দের নিয়েই আয়োজন করা হবে এই লিগ। যেখানে ঘরোয়া ক্রিকেটাররা ও শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটাররা খেলতে পারবেন।
এ বিষয়ে ক্রিকেট শ্রীলঙ্কার একজন কর্মকর্তা বলেন, ‘কোনো বিদেশি খেলোয়াড় থাকবে না। কেবল আমাদের আন্তর্জাতিক খেলেয়াড় ও ঘরোয়া খেলোয়াড়রা এই লিগে অংশ নিতে পারবে। এই লিগের মাধ্যমে শ্রীলঙ্কার উদীয়মান তরুণ ক্রিকেটারদের নার্সিং করা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা ও তাদের সঙ্গে খেলার সুযোগ দেওয়া হবে। যাতে করে দ্বীপ রাষ্ট্রটির ক্রিকেটের উন্নতি হয়।’
এই লিগ চলতি বছরের আগস্টে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। নতুন তারিখ গভর্নিং কমিটি শিগগিরই নির্ধারণ করবে।

