স্পোর্টস ডেস্ক : চিলিয়ান শক্তিশালী মিডফিল্ডার আর্তোরু ভিদালকে পেতে গত মৌসুম বেশ চেষ্টা চালিয়েছিল ইন্টার মিলান। সেবার জার্মান ক্লাবটি জানিয়েছিল ‘ভিদাল বিক্রির জন্য নয়’।
তবে এবার নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনার কাছে তাকে ছেড়েছে বায়ার্ন। ২৭ মিলিয়ন পাউন্ডে অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছেড়ে ন্যু ক্যাম্পের ক্লাবটিতে ভিদাল যোগ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছেন দ্য গার্ডিয়ান।
২০১৫ সালে জুভেন্টাস ছেড়ে ৩২ মিলিয়ন পাউন্ডে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন ভিদাল। গত সপ্তাহে বার্সার অফিসিয়ালরা তার সঙ্গে সাক্ষাত করেন। মেডিকেল পরীক্ষায় পাস করার পর তাকে নতুন ক্লাবে যাওয়ার অনুমতি দিয়েছেন বায়ার্নের নতুন কোচ নিকো কোভাচ।
বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সার্জিও রামোস প্রতিপক্ষ ফরোয়ার্ডদের কাছে রীতিমত আতঙ্ক। রামোসের মতো অভিজ্ঞ ভিদালও বার্সাকে ভালো কিছু দিতে পারবেন বলে মনে করেন দলটির ভক্তর। বার্সার নতুন তারকাদের সঙ্গে মিলে ভিদাল চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে কাতালান ক্লাবটিকে বেশ সহযোগিতা করতে পারবেন বলেও বিশ্বাস করেন ফুটবলবোদ্ধারা।

