স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকেই গঞ্জালো হিগুয়েনের ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে। রিয়াল মাদ্রিদ থেকে আসা রোনালদোকে আক্রমণভাগে জায়গা করে দিতেই হিগুয়েনকে ছাড়ার সিদ্ধান্ত নেয় তুরিনোর ক্লাবটি।
নতুন মৌসুমে ধার হিসেবেই এসি মিলানের কাছে হিগুয়েনকে ছাড়ছে জুভেন্টাস। মেডিকেল পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার মিলানে এসে পৌঁছান আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকার। এসময় হোটেলে ওঠার আগে তাকে ঘিরে ধরে ভক্ত ও সংবাদ কর্মীরা।
হিগুয়েনকে মৌসুমের শুরুতে ১৬ মিলিয়ন পাউন্ড দেবে মিলান। তবে মৌষুম শেষে এই তারকাকে ৩২ মিলিয়ন পাউন্ড দিতে সম্মত হয়েছে মিলানের ক্লাবটি।
হিগুয়েন ধার হিসেবে এসি মিলানে যোগ দিলেও এক মৌসুম বাদেই এই ক্লাবটি ছেড়ে জুভেন্টাসে ফিরছেন লিওনার্দো বুনচ্চি। গত মৌসুমের শুরুতে ৩৫.১ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস থেকে এসি মিলানে যোগ দিয়েছেন ইতালিয়ান এ ডিফেন্ডার। মিলানে যাওয়ার আগে জুভিদের হয়ে টানা ৭টি মৌসুম খেলেছন বুনচ্চি।
এদিকে জুভেন্টাসের হয়ে সম্প্রতি দারুণ ফর্মে থাকলেও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা রোনালদোর জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে হিগুয়েনকে। ২০১৬ সালে ইতালিয়ান সিরি’আতে নাপোলির জার্সি গায়ে এক মৌসুমে রেকর্ড সংখ্যাক ৩৬টি গোল করেন হিগুয়েন। এরপর আর্জেন্টাইন এ তারকাকে ৭৯ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায় জুভেন্টাস।

