স্পোর্টস ডেস্ক : দারুণ এক রেকর্ড গড়েছেন জো রুট। টেস্টে অভিষেক থেকে দ্রুততম সময়ে ৬ হাজার রানের রেকর্ড এখন ইংল্যান্ড অধিনায়কের।
রুটের টেস্ট অভিষেক হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে নাগপুরে ভারতের বিপক্ষে। সেই ভারতের বিপক্ষেই বুধবার শুরু এজবাস্টন টেস্টের প্রথম দিনে ৮০ রান করার পথে ক্যারিয়ারের ৬ হাজার রান পূর্ণ করেছেন ডানহাতি ব্যাটসম্যান।
৬ হাজার রান করতে রুটের সময় লেগেছে পাঁচ বছর ২৩১ দিন (মোট ২০৫৮ দিন)। তিনি ভেঙেছেন তারই সতীর্থ অ্যালিস্টার কুকের রেকর্ড। ৬ হাজার রান করতে কুকের লেগেছিল ২১৬৮ দিন।
এ তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিকেটারও ইংল্যান্ডের, কেভিন পিটারসেনের লেগেছিল ২১৯২ দিন। তালিকায় সেরা পাঁচে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২২১৬ দিন), ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (২৪১০ দিন)।
ইনিংসের হিসাবে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডটা অবশ্য ধরাছোঁয়ার বাইরে রেখেছেন স্যার ডন ব্র্যাডম্যান। মাত্র ৬৮ ইনিংসেই ৬ হাজার ছুঁয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। যেখানে রুটের লাগল ১২৭ ইনিংস।
রুট অবশ্য তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৬ হাজার রান পূর্ণ করলেন (২৭ বছর ২১৪ দিন)। তার চেয়ে কম বয়সে এই মাইলফলকে পৌঁছেছেন শুধু কুক (২৭ বছর ৪৩ দিন), ও শচীন টেন্ডুলকার (২৬ বছর ৩১৩ দিন)।
বলের দিক থেকে দ্রুততম ছয় হাজারি ভারতের বীরেন্দর শেবাগ। তিনি নিয়েছিলেন ৭ হাজার ৫৬৪ বল। ডেভিড ওয়ার্নার ৬০০০ রানে পৌঁছতে নিয়েছিলেন ৭ হাজার ৮৬৭ বল। রুট নিলেন ১০ হাজার ৮৬০ বল।
এ ছাড়া ভারতের বিপক্ষে খেলা নিজের ১২ টেস্টের প্রতিটিতেই পঞ্চাশ ছুঁলেন রুট।কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি টেস্টে পঞ্চাশের বিশ্ব রেকর্ডটা বাড়িয়ে নিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা নয় টেস্টে পঞ্চাশ ছুঁয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডগ ওয়াল্টার্স।

