স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গ্যারেথ বেলের জোড়া গোলে লিভারপুলকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদে ৯ মৌসুম কাটানোর পর চলতি মৌসুমের আগে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা এ ফুটবলারের অভাব নিশ্চিতভাবেই অনুভব করবে ক্লাবটি! কেউ কেউ বলছে রোনালদোর অভাব কোনোভাবেই পূরণ করতে পারবে না রিয়াল।
রিয়াল কোচ জুলেন লোপেতেগুই অবশ্য মনে করেন রোনালদোর অভাব পূরণ করা সম্ভব। তার বিশ্বাস, গ্যারেথ বেলই পারবেন রোনালদোর শূন্যতা পূরণ করতে।
শেষ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছাড়তে চেয়েছিলেন গ্যারেথ বেল। জিনেদিন জিদান থাকাকালিন সময়ে পর্যাপ্ত সুযোগ পাচ্ছিলেন না বেল। এ কারণে স্পেন ছেড়ে পুনরায় ইংলিশ প্রিমিয়ার লিগে আসার কথা চলছিল তার। ইপিএলের সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেড তার প্রতি আগ্রহ তৈরি করে। কিন্তু রোনালদো ক্লাব ছাড়ার পর এখন রিয়াল মাদ্রিদের সব পরিকল্পনা বেলকে ঘিরে। কোচ লোপেতেগুইয়ের সুনজরেও আছেন এ ওয়েলসম্যান। কোচও মনে করেন রিয়াল মাদ্রিদে বর্তমানে ভালো সময় কাটছে বেলের। লোপেতেগুই বলেছেন,‘গ্যারেথ রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পেরে খুশি। ক্লাবের ইতিহাসে রোনালদো সেরা খেলোয়াড়। সে এ বছর ক্লাব ছাড়তে চেয়েছে এবং ক্লাবও তাকে আটকায়নি। বেল অসাধারণ এবং চতুর একজন খেলোয়াড়। তার সামর্থ্যও অনেক। সে রোনালদোর ‘‘শূন্যতা’’ পূরণ করতে পারবে।’
২৯ বছর বয়সি বেল ২০১৩ সালে ৮৭ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। শেষ মৌসুমে ফাইনালে তার পারফরম্যান্সেই চ্যাম্পিয়নস লিগ জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা।
লোপেতেগুই জানিয়েছেন, ট্রেনিংয়ে বেল এবং বেনজামা কঠোর অনুশীলন করছেন। তার মতে দুজন ফরোয়ার্ড ভালোভাবেই নিজেদের কাজটা জানে এবং সেভাবেই কাজ করতে পারবে।

