বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই গুঞ্জন উড়ছে, মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, গত ১৮ জুলাই নাকি নিকের সঙ্গে বাগদানও সেরেছেন বলিউডের এই দেশি গার্ল। আগামী ১৯ নভেম্বর কিংবা অক্টোবরে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে।
পশ্চিমা একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রিয়াঙ্কা আর নিক বিয়ের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে তারা বাগদানও সেরেছেন। কিন্তু প্রিয়াঙ্কার এমন খুশির খবর শোনে মন খারাপ করেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এক সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কার বিয়ের বিষয়ে জানতে চাইলে কঙ্গনা রাণৌত বলেন, ‘প্রিয়াঙ্কা আমার খুব কাছের বন্ধু। খবরটি শোনো খুব মন খারাপ হয়েছে কারণ বিয়ের বিষয়ে প্রিয়াঙ্কা আমাকে কিছুই জানায়নি।’
ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা ও কঙ্গনা খুবই ভালো বন্ধু। মধুর ভান্ডারকরের ‘ফ্যাশন’ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের বন্ধত্ব তৈরি হয়। এ সিনেমাটি দুজনের ক্যারিয়ারেরও টার্নিং পয়েন্ট বলা যায়। তা ছড়া প্রিয়াঙ্কা অভিনীত ‘বেওয়াচ’ সিনেমার প্রচারেও অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন কঙ্গনা।
প্রিয়াঙ্কা-নিকির বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। তবে নিকের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভীষণ খুশি এই সংগীতশিল্পী। তিনি আরো জানান, তার পরিবার ও বন্ধুরা কখনোই তাকে এমন খুশি হতে দেখেননি এবং তারা তাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। নিক সত্যিই প্রিয়াঙ্কার বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখছেন।
এদিকে হঠাৎ করেই সালমান খানের ভারত সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু কেন সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তা সঠিক জানা যায়নি। তবে ভারত সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে একটি টুইট করেছেন। এরপর গুঞ্জন উঠেছে, খুব শিগগির বাজতে চলেছে নিক-প্রিয়াঙ্কার বিয়ের সানাই।
এক টুইটে আলী আব্বাস জাফর লিখেছেন, ‘হ্যাঁ, প্রিয়াঙ্কা আর ভারত সিনেমার অংশ নন এবং এর পেছনে রয়েছে বিশেষ কারণ। তিনি আমাদের তার সিদ্ধান্ত সম্পর্কে শেষ মুহূর্তে(নিক অব টাইম)জানিয়েছেন এবং আমরা তাকে নিয়ে ভীষণ খুশি। ভারত সিনেমার টিমের পক্ষ থেকে প্রিয়াঙ্কার জন্য অসংখ্য ভালোবাসা ও শুভকামনা।’
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। মাস দুই আগে তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এছাড়া কয়েকদিন আগে ভারতে আসেন নিক। গুঞ্জন শোনা যায়, প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা করার জন্যই নিকের এই সফর। এবারের জন্মদিনটা লন্ডনে নিকের সঙ্গেই পালন করেছেন প্রিয়াঙ্কা।

