নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবির ভিসির বাসভবনে ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ ছয়জনের জামিনের আবেদন করেছেন তাদের আইনজীবীরা।
সোমাবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে জামিনের আবেদন করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, জাহিদুর রহমান। বিচারক শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন। জামিন আবেদন করা অপর পাঁচজন হলেন-তরিকুল ইসলাম, ফারুক হোসেন, জসিম উদ্দিন, মশিউর রহমান ও সোহেল।
আসামি পক্ষের আইনজীবী জাহিদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, রাশেদের বিরুদ্ধে ভিসির বাসভবনে ভাঙচুর ও প্রধানমন্ত্রীকে কটূক্তি এ দুই মামলায় জসিম, মশিউর ও সোহেলের বিরুদ্ধে নাশকতা ও ভিসির বাসভবনে ভাঙচুর এ দুই মামালয় এবং তরিকুল ও জসিমের বিরুদ্ধে ভিসির বাসভবনে ভাঙচুরের একটি মামলায় জামিনের আবেদন করা হয়।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে একটি মামলা দায়ের মামলা করেন। এ ছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানা তিনটি মামলা করে পুলিশ।
এদিকে গত ১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে কটূক্তিসহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় তথ্যপ্রযুক্তি আইনে রাশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

