বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের ড্যাশিং ডিরেক্টর হিসেবে পরিচিত শাহীন সুমন। ব্যবসা সফল নির্মাতা হিসেবেও তার সুনাম রয়েছে। সর্বশেষ তার নির্মিত ‘লাভ ম্যারেজ’ সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আজহায় মুক্তি পায়। শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে এই সিনেমাটি সে-বছর হিট সিনেমার তালিকায় স্থান করে নেয়। তিন বছর পর তার নির্মিত ‘মাতাল’ সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বলে এই নির্মাতা নিশ্চিত করেছেন।
শরীফ চৌধুরী প্রযোজিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, অধরা খান, শিপন মিত্র, অরিন। আরো রয়েছেন মিশা সওদাগর, জয় রাজসহ অনেকে। নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। এই সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগতা চিত্রনায়িকা অধরা খানের। এরই মধ্যে তিনি কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এই সিনেমাটিই তার প্রথম মুক্তি পাচ্ছে।
সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দীর্ঘ তিন বছর পরে আমার সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। এটি ঈদে মুক্তি দেয়ার মতো একটি সিনেমা। সিনেমাটির কাজ দারুণ হয়েছে। প্রত্যেকের কাজ ভালো ছিলো। আশা করছি অতীতের মতো এই সিনেমাটিও দর্শক গ্রহণ করবেন।’
নবাগতা অধরা খান বলেন, ‘চলচ্চিত্রের সঙ্গে গত দুই বছর ধরে আছি। কয়েকটি সিনেমায় অভিনয়ও শেষ করেছি। যদিও এখন পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পায়নি। আমি কৃতজ্ঞ শাহীন সুমন ভাইয়ের নিকট। তিনি ‘মাতাল’র মতো ভালো একটি সিনেমায় কাজের সুযোগ করে দিয়েছেন। আরো বেশি এক্সসাইটেড আমার অভিনীত প্রথম সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে বলে।’
শাহীন সুমন পরিচা্লিত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘রাস্তার ছেলে’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘গডফাদার’, ‘তুমি আমার প্রেম’, ‘সমাধি’, ‘সন্তান’, ‘আমার অহংকার’, ‘অন্যরকম ভালোবাসা’ প্রভৃতি।

