বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। এ অভিনেতার পরবর্তী সিনেমা ভারত নিয়ে বেশ কৌতূহলী তার ভক্তরা। এটি নিয়ে ভক্তদের আগ্রহ আরো বেড়ে যায় যখন ঘোষণা আসে, এ সিনেমায় দীর্ঘদিন পর আবারো জুটি বাঁধতে চলেছেন সালমান-প্রিয়াঙ্কা চোপড়া।
কিন্তু শেষ মুহূর্তে এসে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা। শোনা যাচ্ছে, প্রেমিক নিক জোনাসের সঙ্গে আগামী অক্টোবরে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। এ কারণেই হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।
এদিকে ভারত সিনেমা থেকে প্রিয়াঙ্কা সরে যাওয়ার পর গুঞ্জন উঠেছে, প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্তে নাখোশ সালমান। এ অভিনেত্রীর সঙ্গে আর সিনেমা করতে চান না তিনি। তবে এই গুঞ্জন সত্য নয় বলে এ অভিনেতার ঘনিষ্ঠ একজন সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছে।
সূত্রটি বলেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া ও সালমান স্যারের মধ্যে সবকিছু ঠিক আছে। তাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। তারা আলোচনা করেই সিনেমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই।’
ভারত সিনেমা থেকে প্রিয়াঙ্কা সরে দাঁড়ানোর পর তার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নির্ধারণ হয়নি। শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্দেজের মধ্যে একজনকে চাইছেন নির্মাতারা। ইতোমধ্যে ক্যাটরিনার সঙ্গে নাকি কথাও বলেছেন তারা। লন্ডন থেকে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ক্যাটরিনা।

